প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৭ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৮ পিএম
চার দফা দাবি আদায়ের জন্য গত রবিবার থেকে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা গণছুটি কর্মসূচি পালন করছেন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
বরিশাল : বরিশালের হিজলার পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য গণছুটি পালন করছেন। গত সোমবার দুপুরে জানা গেছে, গণছুটির কারণে গত দুই দিন থেকে চরম দুর্ভোগে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। রবিবার সকাল থেকে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে রয়েছেন। সোমবার দুপুরে পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসে গিয়ে দেখা গেছে, এজিএমসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতির মতোই অলস সময় পার করছেন।
গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা জোনাল অফিসের ৪২ জন কর্মচারী সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে গেছেন। এতে অফিসের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ, মিটার সংক্রান্ত জটিলতা, বিল সংশোধনসহ বিভিন্ন সমস্যার সমাধান না পেয়ে বহু গ্রাহক ফিরে যাচ্ছেন। যদিও ডেপুটি জেনারেল ম্যানেজার বলছেন, যে কয়জন উপস্থিত আছেন তাদের দিয়ে নির্বিঘ্ন সেবা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মীরা ‘গণছুটি’ কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন। সোমবার তারা চাকরিতে বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে এ কর্মসূচি পালন করেছেন। কর্মসূচির দ্বিতীয় দিনে ৪৪৭ পবিস কর্মীর মধ্যে ২২০ কর্মীই গণছুটি কর্মসূচিতে ছিলেন। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার থেকে এই কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এ কর্মসূচি পালন করায় জনভোগান্তির সৃষ্টি হয়েছে।
মধ্যনগর ও ধর্মপাশা (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় পল্লী বিদ্যুতের ৫৫ জন কর্মচারীর মধ্যে ৫১ জন চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘গণছুটিতে’ চলে যাওয়ায় ব্যাপক দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। এর ফলে রবিবার সকাল থেকে দুই উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রায় ২১ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা দুটি নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা উপজেলা উপআঞ্চলিক কার্যালয়ের আওতাধীন।
ফেনী : ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির ৫৬৯ কর্মকর্তা-কর্মচারী অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে গেছেন। এতে জেলার ৬ উপজেলায় জরুরি সেবা, লাইন মেরামত, মিটার সংযোগ, বিলিংসহ সংশ্লিষ্ট কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। প্রয়োজনীয় সেবা না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ গ্রাহক।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বিভিন্ন উপজেলা ও সাব-স্টেশনে কর্মরত ৫৭৯ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৫৬৯ জন গণছুটিতে গেছেন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের গণছুটি কর্মসূচির কারণে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। বিদ্যুৎ সেবার পাশাপাশি বন্ধ হয়ে গেছে অন্যান্য জরুরি সেবা কার্যক্রমও।