খুলনা অফিস
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:০০ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১০ পিএম
খুলনার রূপসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ট্রাকের হেলপার বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি বাজারের ভেতরে ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে একটি মালবাহী ট্রাক আলাইপুর বড় ব্রিজের ঢালু থেকে নামছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বাজারের ভেতরে প্রবেশ করে। এ সময় ট্রাকটি রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ও ইটের পাজায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যান। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ট্রাকের হেলপার ছিলেন।
দুর্ঘটনায় বাজারের বৈদ্যুতিক লাইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙলে তারা বাইরে এসে ঘটনাস্থলে নিহত ব্যক্তির মরদেহ দেখতে পান।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি ট্রাকের হেলপার ছিলেন। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
আলাইপুর বাজারের ব্যবসায়ীরা জানান, দুর্ঘটনার সময় সৌভাগ্যক্রমে বাজারে কেউ উপস্থিত ছিলেন না। না হলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত। তারা অভিযোগ করেন, বড় ব্রিজ থেকে নামার সময় ট্রাক ও ভারী যানবাহনগুলো প্রায়ই অতিরিক্ত গতিতে ঢোকে, ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটে। বাজার এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।
পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।