ট্রেন লাইনচ্যুত
জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪১ এএম
ছবি: সংগৃহীত
জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার পর থেকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে, রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। সান্তাহার জংশন থেকে ছাড়ার কিছুক্ষণ পর হলহলিয়া রেলসেতুর পূর্ব পাশে ভাঙা লাইনে উঠলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্রায় এক কিলোমিটার দূরে চলে যায়। এতে ঢাকা ও দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে যায়। লাইনচ্যুত বগি উদ্ধার ও মেরামতের পর সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার থেকে ছেড়ে আসা ট্রেনটি ভদ্রকালী এলাকায় লাইনচ্যুত হয়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি তুলে আনে। ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, খবর পাওয়ার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আক্কেলপুরে লাইনচ্যুত বগি সরিয়ে আনে।
জানা গেছে, ঘটনার সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তেই আশপাশের মানুষ ছুটে আসেন। রেল যোগাযোগ বন্ধ থাকায় সকাল থেকে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
ট্রেনের যাত্রী সুমন মিয়া বলেন, সান্তাহার ছাড়ার পরই পুরো ট্রেন ধোঁয়ায় ঢেকে যায়। হঠাৎ বিকট শব্দে ও ঝাঁকুনিতে ট্রেন থেমে যায়। আমরা ভয় পেলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
সান্তাহার রেলওয়ে ট্রাফিক পরিদর্শক হাবিবুর রহমান হাবিব বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ২৯৯ নম্বর পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়। পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে বগি উদ্ধার করলে যোগাযোগ স্বাভাবিক হয়।