সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৩ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা থানার পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বৈদ্যেরবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোনারগাঁ থানার পাশ্ববর্তী কুমিল্লা জেলার মেঘনা থানার নলচর গ্রামের একটি হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় আসামি মহসিন এবং যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তার করতে মেঘনা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, এসআই জিয়াউর রহমানসহ দুই পুলিশ সদস্য সোনারগাঁ থানাকে অবহিত করে বৈদ্যেরবাজার এলাকায় অভিযান চালায়। এসময় আসামি মহসিনকে পুলিশ গ্রেপ্তার করার পর দেলোয়ার, উজ্জল, লিটন দাস, বাবুল ও ইকবালসহ ৩০/৪০ জন লোক একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ মহসিনকে ছিনিয়ে নেয়। একই সময় খাজা মিয়া নামে এক বিকাশ দোকানদারের দোকান ভাংচুর করে এবং নগদ অর্থ লুট করে।
পরবর্তীতে খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। তবে আসামির হাতে থাকা হাতকড়া উদ্ধার হলেও ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, খবর পেয়ে আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় মেঘনা থানা পুলিশ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লার হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম মুঠোফোনে বলেন, ‘আমি শুনেছি, গ্রেপ্তার আসামি ওই মামলার ঘটনায় জড়িত নয় দাবি করে গ্রামবাসী তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।’