কক্সবাজার অফিস
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৯ পিএম
আমিন উল্লাহ
কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবন থেকে এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সমুদ্র সৈকতের পর্যটন গালফ মাঠ সংলগ্ন ঝাউবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আমিন উল্লাহ (২৮) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী এলাকার মৃত জুনু মিয়ার ছেলে। তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ নামের একটি পত্রিকার উখিয়া প্রতিনিধি এবং উখিয়া নিউজ নামের একটি অনলাইন ভিত্তিক ফেইসবুক পেইজের এডমিন ছিলেন। পাশাপাশি তিনি পেশায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালের কর্মচারী ছিলেন।
স্থানীয় গণমাধ্যম কর্মী শ. ম. গফুর বলেন, ‘বুধবার রাত ৯টার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় কক্সবাজার আসতে গাড়ির জন্য অপেক্ষাকালে আমিন উল্লাহর সঙ্গে তার দেখা হয়। তখন আমিন জানায়, চট্টগ্রামে তার ফুপুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তখন তার সঙ্গে অপরিচিত তিনজন যুবক ছিল। পরে রাত সাড়ে ৯টার পরপরই তিনি মারশা পরিবহন সার্ভিসের একটি বাস যোগে কক্সবাজারের উদ্দেশ্য রওনা দেয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, সকালে সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবনে গাছে এক ব্যক্তির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের গলায় রশির দাগ ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।
ওসি বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।