নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৯ পিএম
আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর পলাশ উপজেলায় মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী দুঃশাসনের পতন হওয়ার পর হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ।
তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে সুষ্ঠু ও নিরপেক্ষতার মাধ্যমে জণগণের সরকার প্রতিষ্ঠা করে হারানো গণতন্ত্র যেন ফিরে আসে।
উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনসহ বিএনপির নেতাকর্মীরা।