রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৭ পিএম
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপের কারণে সকাল থেকে উপকূলীয় পটুয়াখালীর রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। যদিও নদ-নদী স্বাভাবিক রয়েছে, তবে সাগর কিছুটা উত্তাল রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে এবং তা পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।