লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৮ পিএম
অভিযুক্ত দুই যুবক ফয়সাল ও রাব্বি। প্রবা ফটো
বান্দরবানের লামা উপজেলায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ভিকটিমের দেয়া তথ্যমতে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ।
গত রবিবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার এলাকার সোলেইমানের ছেলে ফয়সাল (২১) এবং একই এলাকার ইসহাক সর্দারের ছেলে রাব্বি (২১)।
ভিকটিমের স্বামী জানান, তিনি অনেক রাত পর্যন্ত বাগানের কাজে খামার বাড়িতে ছিলেন। বাড়িতে একা থাকার সুযোগে রবিবার দিবাগত রাত ৯টা থেকে ১০টার মধ্যে স্থানীয় দুই যুবক তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে। ঘটনার পর তিনি বিষয়টি লামা থানা পুলিশের অফিসার ইনচার্জকে অবহিত করেন।
লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, ভিকটিমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এসময় অসুস্থ হয়ে পড়লে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন। ধর্ষণের আলামত সংরক্ষণ করা হয়েছে এবং গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।