মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৫ পিএম
নিহত আব্দুল আহাদ।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের জোর দিঘীরপাড় গ্রামে বাবার ছুরিকাঘাতে নিহত হয়েছেন মাদকাসক্ত ছেলে আব্দুল আহাদ।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাবা আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন আহাদ। প্রতিদিনই পরিবারের কাছে মাদক কেনার জন্য টাকা চাইতেন। টাকা না দিলে অশান্তি সৃষ্টি করতেন। সোমবার সকালে বাবার কাছে মাদক কেনার জন্য টাকা চাইলে অস্বীকৃতি জানান আবুল হোসেন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে আহাদ ছুরি হাতে বাবার দিকে তেড়ে যান। এসময় আত্মরক্ষার্থে আবুল হোসেন ছুরি কেড়ে নিয়ে ছেলের শরীরে আঘাত করলে ঘটনাস্থলেই আহাদের মৃত্যু হয়।
গ্রেপ্তারকৃত আবুল হোসেন বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সব সময় আমাকে চাপ দিত। আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আজ সকালে আবার টাকা চাইলে, টাকা দিতে অস্বীকার করি। এরপর সে আমার ওপর চড়াও হয়। তখনই হঠাৎ এই ঘটনা ঘটে।
নিহতের ভগ্নিপতি হামিম আহমেদ বলেন জানান, আমার শ্যালক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। আহাদকে রিহ্যাবে রাখা হয়েছিল। কিন্তু কোনো পরিবর্তন হয়নি।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত আহাদ মাদকাসক্ত ছিলেন। সকালে মাদক কেনার জন্য বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছেলে আহাদ ছুরি নিয়ে তার বাবাকে আঘাত করতে ছুটে যায়। একপর্যায়ে আত্মরক্ষার্থে বাবা ছুরি কেড়ে নিয়ে আঘাত করলে ছেলের মৃত্যু হয়। এই ঘটনায় আবুল হোসেনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।