সাঁথিয়া-বেড়া (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম
পাবনার সাঁথিয়ায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাগবিতণ্ডায় চাপাতি ও বঁটি দিয়ে কুপিয়ে শ্বশুর মোজাম্মেল শেখকে (৭০) হত্যা করেছে তার পুত্রবধূ রুমি খাতুন। নিহত ব্যক্তি সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়াইলমারী কলেজপাড়া মহল্লার মৃত মইনুদ্দিনের ছেলে।
রবিবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী রুমি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়ার থানার ওসি আনিসুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোজাম্মেল শেখ ওরফে মোজামের বাড়ি উপজেলার নাড়িয়াগদাই হলেও অনেক বছর আগে তিনি সাঁথিয়া কলেজপাড়া মহল্লাতে বাড়ি করে বসবাস করছেন। নিহত মোজাম্মেলের ছেলে মিঠুর সঙ্গে প্রায় পাঁচ বছর আগে সাঁথিয়ার আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়।
নিহতের স্ত্রী আজেদা বেগম বলেন, ঘটনার দিন আমার ছেলে মিঠু তার ছেলেকে অর্থাৎ আমার নাতিকে ফুসকা খাওয়ার জন্য আমার কাছে ১০০ টাকা দিয়ে বাইরে কাজে চলে যান। এটা আমার বৌমা রুমি খাতুন সহ্য করতে না পেরে আমাদের সঙ্গে ঝগড়া শুরু করেন। বাগবিতণ্ডার একপর্যায়ে বৌমা রুমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে চাপাতি ও বঁটি দিয়ে আমার স্বামীকে এলোপাথাড়ি কুপাতে থাকেন। এ সময় তার পেটের ভুঁড়ি বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলে গতকাল সোমবার ভোরে তিনি মারা যান।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের পুত্রবধূ রুমি খাতুনকে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।