মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৩ পিএম
প্রবা ফটো।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সর্বনাশা জুয়া আর খেলবেন না বলে দুধ দিয়ে গোসল করেছেন আল আমিন (৩০) নামের এক যুবক। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কটিয়াদি বাসস্ট্যান্ড এলাকায় বেশ কিছু মানুষের সামনে তিনি দুধ দিয়ে গোসল করেন। আল আমিন উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টগড়িয়া এলাকার সুলতান উদ্দিনের ছেলে।
আল আমিন পেশায় পিকআপ চালক। পাশাপাশি দুটি টমটম ও দুটি পিকআপের মালিক। গত এক বছরে অনলাইনে জুয়া খেলে এখন পর্যন্ত ৮ লাখ টাকা হেরেছেন তিনি। জুয়ার নেশায় তার একটি টমটম ও পিকআপ বিক্রিও করেছেন। এখন প্রায় নিঃস্ব হয়ে গেছেন। গোসলের সেই মুহূর্তে ধারণ করা ৩ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, স্থানীয় কয়েকজন প্লাস্টিকের মগ ও বোতল দিয়ে আল আমিনের মাথায় দুধ ঢালছেন। উৎসুক জনতা তাঁকে ঘিরে দেখছেন ও কেউ কেউ মুঠোফোনে সেই দৃশ্য ধারণ করছেন। দুধ ঢেলে গোসলের সময় আল আমিনকে বলতে শোনা যাচ্ছে, জুয়া খেলে আমার জীবন শেষ। গত এক বছরে আমার ৮ লাখ টাকা গেছে। আমার ৪টি গাড়ির মধ্যে ২টি গাড়ি বিক্রি করেছি। আমি সবার কাছে দোয়া চাই । আমি যতদিন বেঁচে থাকব ততদিন আর কোনোদিন জুয়া খেলব না।
আল আমিনের চাচা এখলাস মিয়া জানান, আল আমিন আমার সাথে আগে মেশিনারিজের ব্যবসা করত। কর্মট থাকায় মেশিনের ইঞ্জিন চালিত টমটম ও পিকআপ ক্রয় করে। ভালোই চলছিল তার সংসার। গত এক বছরে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দুটি গাড়ি বিক্রি করে দেয়। এখন অর্থনৈতিকভাবেও দুর্বল হয়ে গেছে। আমরাও দোয়া করি সে আর জুয়া খেলায় যেন না যায়।
আল আমিন জানান, স্থানীয়দের কাছ থেকে অনলাইন জুয়া খেলা শিখেছি। তাদের খেলা দেখে আমিও খেলেছি। আমি পিকআপ চালাই। জুয়া খেলে আমার জীবন শেষ।