নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১৮:৫১ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫ ১৯:১৫ পিএম
নড়াইলের লোহাগড়ায় এক প্রবাসী ব্যক্তির শিশু সন্তানকে অপহরণের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আট বছরের শিশু আব্দুল্লাহ মেজবাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ মেজবা উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঘাঘা উত্তরপাড়া গ্রামের উজ্জ্বল শেখ,একই গ্রামের বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম, যোগিয়া গ্রামের ভ্যানচালক হানিফের ছেলে জান্নাতুল ও বাবুল লস্করের ছেলে সাকিব।
পুলিশ জানায়, শিশু আব্দুল্লাহকে অপহরণের মূল পরিকল্পনা করেন উজ্জ্বল শেখ। তিনি ভ্যানচালক জান্নাতুলকে ১০ হাজার টাকা দেওয়ার প্রলোভনে ফেলেন এবং সহযোগী রোজিনা বেগম ও তার ছেলে সাকিবকে মুক্তিপণের টাকা থেকে ঋণ শোধ করে দেওয়ার আশ্বাস দেন।
গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে শিশু আব্দুল্লাহ স্থানীয় উজ্জ্বল শেখের দোকানে গেলে তাকে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করা হয়। এরপর জান্নাতুল, রোজিনা ও সাকিবের সহায়তায় শিশুটিকে লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পটের একটি রুমে লুকিয়ে রাখা হয়। সেখানে শিশুটির পাহারায় ছিল রোজিনা বেগম।
ঘটনাটিকে ভিন্নখাতে নিতে উজ্জ্বল শেখ শিশু আব্দুল্লাহর স্বজনদের থানায় গিয়ে অপহরণের অভিযোগ করতে বলেন। কিন্তু তাদের কথায় অসংগতি দেখে পুলিশের সন্দেহ হয়।
পরে ওসি শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, এসআই তারোক বিশ্বাস, আজিজুর তালুকদার ও সঙ্গীয় ফোর্সের তৎপরতায় গতকাল ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি শরিফুল ইসলাম বলেন, শিশু অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করতে পেরেছি। গ্রেপ্তার হওয়া চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।