নীলফামারী প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৯:৫১ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫ ২০:১৫ পিএম
নীলফামারীর সৈয়দপুরে ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় অজ্ঞান পার্টির হোতাসহ ২ নারীকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সকালে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ট্রেন সীমান্ত এক্সপ্রেস থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ট্রেনে ২ যাত্রীকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে পালানোর সময় অন্য যাত্রীদের হাতে ধরা পড়ে অজ্ঞান পার্টির এক সদস্য। এসময় তার সঙ্গে থাকা জুস তাকেই জোর করে খাওয়ালে অজ্ঞান হয়ে পড়েন।
উদ্ধারকৃত যাত্রীরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জের রশনী রায়ের স্ত্রী কৌশলা রাণী (৬০) ও তাঁর মেয়ে বিথি রাণী (৩৫) এবং অজ্ঞান পার্টির হোতা রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুরের আব্দুস সামাদের ছেলে ফুল মিয়া (৫৫)।
কৌশলা রাণীর ছেলে প্রদীপ রায় বলেন, আমার মা ও বোন সাতক্ষীরায় আমার ভাগনীর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে রাতে সীমান্ত এক্সপ্রেসে পার্বতীপুর আসছিলেন। তাদের পাশের সিটের যাত্রী ছিল ফুলমিয়া। তিনি আমার মা বোনকে কৌশলে জুস খাওয়ান। এতে তারা অজ্ঞান হয়ে পড়েন। আর এই সুযোগে মায়ের কাছে থাকা ৩ হাজার টাকা এবং বোনের কানের দুল ও নাকের ফুল হাতিয়ে নেওয়া হয়। পরে বিষয়টি আঁচ করতে পারেন পাশের যাত্রী অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা। তিনি তাৎক্ষণিক ফুল মিয়াকে ধরে ফেলেন। এসময় অন্যান্য যাত্রীরাও এগিয়ে আসে এবং তাকে তল্লাশি করে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করেন। ট্রেন সৈয়দপুরে এসে পৌঁছালে রেলওয়ে পুলিশ তাদের উদ্ধার করে আমাকে মোবাইলফেনে জানান।
বিথি রাণী বলেন, আমাদের সঙ্গে যে ব্যক্তি এমন করেছে তার বিচার চাই। সে ধরা না পড়লে আমাদের কি অবস্থা হতো? এমন ঘটনা যেন আর না ঘটে তাই অজ্ঞান পার্টির পুরো চক্রকে আটকের দাবী জানাই।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী বলেন, এ ঘটনায় ফুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আটক ফুলমিয়া অজ্ঞান পার্টির চিহ্নিত হোতা। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।