চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৬:৫৬ পিএম
প্রবা ফটো।
দ্রুত বিচারিক সেবা নিশ্চিত করা এবং জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টার সময় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সটি আয়োজন করে চুয়াডাঙ্গা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সভায় প্রধান বক্তা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস বলেন, দ্রুত সময়ের মধ্যে বিচারিক সেবা নিশ্চিত করতে হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা আমাদের মূল লক্ষ্য। তিনি আরোও বলেন, আমরা চাই, বিচার প্রক্রিয়া যেন সহজ, সঠিক এবং স্বচ্ছ হয়, যাতে জনগণকে কোনো ধরনের হয়রানি না ভোগ করতে হয়।
মাদক পাচার ও স্বর্ণ চোরাচালান প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে চুয়াডাঙ্গা পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সরোয়ার বলেন, মাদক মামলার আসামিরা দ্রুত জামিন পাচ্ছে, কিন্তু গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। শুধুমাত্র ছোটখাটো পাচারকারীদের গ্রেফতার করলে এই অপরাধ বন্ধ হবে না।
ম্যাজিস্ট্রেটরা দ্রুত সময়ে সঠিক তদন্ত ও রিপোর্ট জমা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন, যাতে বিচার কার্যক্রম দ্রুত শেষ করা সম্ভব হয়। তারা জানান, পুলিশের সহযোগিতায় মামলার সাক্ষীদের সঠিক সময়ে আদালতে হাজির করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা একসাথে কাজ করে আইনি সেবা সহজতর এবং সঠিক করার লক্ষ্যে সরকারের বিভিন্ন আইনি সংশোধনীর বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
তাছাড়া এসময় উপস্থিত ছিলেন পিবিআই ঝিনাইদহের এসপি গাজী রবিউল ইসলাম। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, চুয়াডাঙ্গা জেলখানার জেলার মোঃ ফখর উদ্দিন, চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান, আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমার, দামুড়হুদা থানার পুলিশ পরিদর্শক মোঃ হিমেল রানা, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড এস এম শামীম রেজা ডালিম। চুয়াডাঙ্গা কোর্টের পাবলিক প্রসিকিউটর মোঃ মারুফ সরোয়ার, সিআইডির ইন্সপেক্টর মোহাম্মদ রকিবুল ইসলাম।