দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ২০:২৯ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫ ২০:৪১ পিএম
সাতক্ষীরার দেবহাটার খেজুরবাড়িয়া এলাকায় অল্প বৃষ্টি হলেই বসতবাড়ি, রাস্তা, মসজিদের ঈদগাহ ডুবে যায়। এতে স্থানীয়দের ভোগান্তির শেষ থাকে না। এটি জানার পর দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম আবু নওশাদ ঘটনাস্থলে গিয়ে সবার দুর্ভোগের কথা শোনেন।
বৃষ্টির পানি নিষ্কাশনের উপায় বের করতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন (ভূমি) সহকারীসহ স্থানীয়দের সঙ্গে কথা বলে দীর্ঘদিনের এই সমস্যার সুরাহা করেন। এতে এলাকাবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। জলাবদ্ধতা নিরসন হওয়ায় এলাকাবাসীর ভোগান্তি কমব।
এদিকে উপজেলার নাজিরের ঘেরের বড়শান্তা ও ছোটশান্তা এলাকায় টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েন মানুষ। তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও অসাধু কিছু ঘের মালিক ইচ্ছাকৃতভাবে পানি আটকে রেখেন। এতে পানি জমে থাকে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত ঘের মালিকরা ইউএনও কেএম আবু নওশাদের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে ইউএনওর কঠোর নির্দেশের পর সব ঘের মালিক একই দিনেই পানি ছাড়াতে রাজি হন। স্থানীয়রা জানান, দ্রুত পানি নিষ্কাশন করা হলে জলাবদ্ধতার সমস্যা কেটে যাবে এবং কৃষক ও মৎস্যচাষিদের সম্ভাব্য ক্ষতি কমে আসবে।