হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ২২:৩৪ পিএম
ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকালে দক্ষিণ মাইজপাড়া উত্তর রাণীপুর ও পোড়াকান্দলিয়া দুধনই গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- দক্ষিণ মাইজপাড়া এলাকার উত্তর রাণীপুর গ্রামের মনির হোসেনের ছেলে তামিম (২) ও দুধনই গ্রামের হুমায়ূনের ছেলে হোসাইন (২)।
পরিবার সূত্রে জানা যায়, মাইজপাড়া ইউনিয়নের উত্তর রাণীপুর এলাকায় বিকালে মনির হোসেনের পরিবার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় খেলা করছিল শিশু তামিম। পরে কোনো একসময় পুকুরে ডুবে যায় শিশু। পরে খোঁজাখুঁজির পর পুকুর থেকে স্বজনরা মরদেহ উদ্ধার করে।
অপরদিকে বিকালে দুধনই গ্রামে কোনো একসময় পানিতে ডুবে যায় শিশু হোসাইন। পরে খোঁজাখুঁজি করে পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। এ সময় স্থানীয়রা ছুটে এসে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, এ ব্যাপারে তিনি অবগত নন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।