খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৬:৩৩ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫ ১৬:৪৬ পিএম
বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আকস্মিক অভিযান পরিচালনা করেছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে দুদকের হটলাইন ১০৬-এ প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল সদর উপজেলা কৃষি অফিস ও খাগড়াছড়ি জেলা পরিষদে অভিযান চালায়।
কৃষি বীজ বিতরণে অনিয়ম, কর্মশালার অর্থ আত্মসাৎ, কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্পে অনিয়ম এবং ধান কাটার মেশিন বিতরণে গড়মিলের অভিযোগে এ অভিযান পরিচালিত হয় বলে দুদক সূত্রে জানা যায়।
অভিযান শেষে সহকারী পরিচালক আহমেদ ফরহাদ সাংবাদিকদের জানান, ‘আমরা বিভিন্ন দিক যাচাই-বাছাই করেছি। প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। বিষয়গুলো যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।’
দুদক কর্মকর্তারা আরও জানান, অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।