বিএসসি’র দুই জাহাজ ক্রয়
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ২০:২৬ পিএম
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নিজস্ব অর্থায়নে ক্রয় করতে যাওয়া দুটি বাল্ক কেরিয়ার জাহাজের মধ্যে একটি আগামী সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয়টি নভেম্বর মাসে বহরে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।
তিনি বলেন, গত ৩ জুন মন্ত্রণালয় প্রকল্পটি অনুমোদন দেওয়ার পর ৪ জুন এক ধাপ দুই খাম পদ্ধতিতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছিল। ৮টি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে ৩টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। এর মধ্যে যাছাই-বাছাই করে দরপত্র মূল্যায়ন কমিটি যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেনচার এলএলসি’র (Hellenic Dry Bulk Ventures LLC) প্রস্তাবিত ৬৩ হাজার ৫০০ ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন জাহাজ দুটি কেনার সুপারিশ করে। পরিকল্পনা অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পর প্রথম জাহাজ সেপ্টেম্বর ২০২৫ এবং দ্বিতীয় জাহাজ নভেম্বর ২০২৫-এ বিএসসিকে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটায় বিএসসির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আধুনিক কারিগরি বৈশিষ্ট্য ও পরিবেশবান্ধব প্রযুক্তিসমৃদ্ধ এই দুটি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা প্রায় ১ লাখ ২০ হাজার ডিডব্লিউটি বৃদ্ধি পাবে বলে তিনি জানান।
কমডোর মাহমুদুল মালেক বলেন, প্রস্তাবগুলোতে প্রাপ্ত জাহাজগুলোর বিভিন্ন কারিগরি বিষয়াদি যাচাই-বাছাই করা হয় এবং মূল্যায়ন কমিটি সরেজমিন জাহাজ দুইটির নির্মাণ অবস্থা পর্যবেক্ষণ করে। জাহাজের স্পেসিফিকেশন প্রস্তুত এবং জাহাজের কারিগরি মূল্যায়নে Classification Society(s)-এর প্রতিনিধির বিশেষজ্ঞ সেবা গ্রহণ করা হয়।
কেন হেলেনিক ড্রাই বাল্ক ভেনচার এলএলসি’র প্রস্তাবিত জাহাজ কেনার পরামর্শ প্রদান করা হয়েছে। তার ব্যাখ্যায় কমডোর মাহমুদুল মালেক বলেন, প্রতিষ্ঠানটির জাহাজ কেনার সুপারিশ করার কারণ হলো তাদের প্রস্তাবিত জাহাজগুলোর বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যেমন জাহাজগুলোতে রয়েছে কন্ট্রা রোটেটিং প্রপেলার (সিআরপি), যা জ্বালানি খরচ হ্রাস ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করে। আছে এরোডাইনামিক ব্রিজ ডিজাইনÑ যা বাতাসের বাধা কমিয়ে গতি ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। আছে সিলেকটিভ ক্যাটালাইটিক রিডাকশন (এসসিআর) এক্সহাস্ট গ্যাস বয়লার (ইজিবি)Ñ যা প্রধান ইঞ্জিন থেকে নাইট্রোজেন অক্সাইড (NOX) নির্গমন কার্যকরভাবে নিয়ন্ত্রণ করেÑ যা পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমায়। আছে গ্রিনশিপ কনসেপ্টÑ যা নকশা ও প্রযুক্তিগত সমাধানগুলো জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ডসম্মত। এছাড়া, আছে আইএমও টায়ার-৩ সার্টিফাইড ইঞ্জিনÑ যা আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (IMO) কর্তৃক নির্ধারিত সর্বশেষ পরিবেশগত মানদণ্ড পূরণ করে।
তিনি আরও বলেন, কারিগরির পাশাপাশি আর্থিক দিক থেকেও হেলেনিক ড্রাই বাল্ক ভেনচার এলএলসি’র প্রস্তাবিত জাহাজগুলো সাশ্রয়ী। হেলেনিক ড্রাই বাল্ক ভেনচার এলএলসি’র প্রস্তাবিত প্রতিটি জাহাজের একক মূল্য ৩৮ দশমিক ৩৪৯ মিলিয়ন মার্কিন ডলার এবং দুটি জাহাজের মোট সমন্বয়কৃত ও সুপারিশকৃত মূল্য ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার। এটি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ৮০.৪০ মিলিয়ন-এর চেয়ে ৪ দশমিক ৬০ শতাংশ কম।