মিরসরাই (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১৩:১৫ পিএম
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হিঙ্গুলী ইউনিয়নের আব্দুল হাকিম মোল্লার বাড়িতে এক প্রবাসীর বাসায় তাদের বেঁধে রেখে ডাকাতি করে বলে অভিযোগ রয়েছে।
এ সময় ডাকাত দল স্বর্ণের প্রায় ৭ ভরি অলংকার, ৩০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ওই ভাড়াটিয়ারা। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হিঙ্গুলী ইউনিয়নের আজম নগর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।
বেড়াতে আসা ওই বাসার মেয়ের জামাই শাহাদাত হোসেন জানান, তিনি তার পরিবার নিয়ে কিছুদিন আগে বেড়াতে এসে ডাকাতির কবলে পড়েন। ঘটনার দিন রাতে তার হাত বেঁধে রেখে তাদের কাছে থাকা প্রায় ৩ ভরি স্বর্ণ ও টাকা-পয়সা নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
কুয়েত প্রাবাসী হেলাল উদ্দিনের ভাই আরমান হোসেন ফাহিম জানান, বাসার দরজা ভেঙে তিন সদস্য ছুরি দেখিয়ে প্রথমে তাকে হাত-পা বেঁধে ফেলে। ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকত দল হানা দেয় বাসায়। মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ডাকাতদের হাতে রিভলবার, চাপাতি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা বাসায় থাকা পুরুষদের কাপড় ও দড়ি দিয়ে হাত-মুখ বেঁধে ফেলে। এর পরে ঘরে থাকা আমার বোন ও ভাবির প্রায় ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায় তারা।
তারা আরও জানান, ডাকাতরা চলে যাওয়ার পর ভোরে বাসার লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ডাকাতির বিষয়ে ভুক্তভোগী পরিবার এখনো কোনো অভিযোগ না দিলেও ঘটনা শুনেই ঘটনাস্থলে আমরা আমাদের একটি টিম পাঠিয়েছি।