মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ২২:৪২ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫ ২২:৪২ পিএম
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে সাপের কামড়ে আতিয়ার রহমান (৫৫) নামে এক ওঝার মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে বিকালের দিকে শ্যামপুর পাম বাগান এলাকায় একটি সাপ তাকে কামড় দেয়। আতিয়ার রহমান শ্যামপুর গ্রামের মল্লিকপাড়ার তারুন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালের দিকে সদর উপজেলার শ্যামপুর পাম বাগানে একটি বিষধর কুলীম সাপ গর্তে ঢোকে। হাসুয়া দিয়ে কোপ মেরে সাপটিকে ধরার চেষ্টা করেন আতিয়ার। এই সময় সাপটি তাকে দংশন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম বলেন, শ্যামপুর গ্রামে সাপের কামড়ে একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।