চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ২১:১৯ পিএম
বনকর্মীদের পিটিয়ে গাছসহ জব্দকৃত গাড়ি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে রবিবার রাত ৯টার দিকে।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় চকরিয়া থানায় মামলা করতে এজাহার জমা দিলে ঘটনাটি জানাজানি হয়।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বন বিটের সেগুনবাগিচা বনাঞ্চল থেকে গাছ কেটে ইজিবাইক বোঝাই করে নিয়ে যাচ্ছিল বনদস্যুরা। এ খবর পেয়ে অভিযানে গেলে বন বিভাগের পাঁচ কর্মীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়।
হামলায় আহতরা হলেন- ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম (৩১), বনপ্রহরী অলিউল ইসলাম (৩৫), মো. হাসান (৩২), আয়াত উল্লাহ (৩৪) ও হাসান আলী (৩০)। তাদের রাতেই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বন কর্মকর্তারা জানান, সেগুনবাগিচা এলাকা থেকে গাছ কেটে টুকরো টুকরো করে একটি ইজিবাইকে করে নিয়ে যাচ্ছিল ২০-২৫ জন বনদস্যু। খবর পেয়ে অভিযান চালানো হয়। বিট কর্মকর্তা নাজমুল ইসলামের নেতৃত্বে গাছবোঝাই ইজিবাইকটি জব্দ করা হলে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় এবং জব্দ করা গাছসহ গাড়িটি ছিনিয়ে নেয়।
আহত বিট কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘ইজিবাইকটি জব্দ করার পরপরই কয়েকজন চিৎকার করে বলে, বিট কর্মকর্তাকে মাটিতে পুঁতে ফেল। এরপর লাঠিসোটা নিয়ে তারা হামলা করে। খবর পেয়ে আরও বনকর্মী ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।’
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, ‘আহত কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই আশঙ্কামুক্ত। মূলত বনের গাছ চোরচক্র এই হামলা চালিয়েছে। হামলাকারীদের নাম–পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’