গৌরনদী (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৬:৪৬ পিএম
বরিশালের গৌরনদীতে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও বাল্যবিবাহের কুফল বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা প্রশাসনের সহায়তায় ক্যাম্পেইনের আয়োজন করে যুব সংগঠন ‘মানুষ মানুষের জন্য’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল কান্তি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
ইউএনও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা। আমাদের প্রত্যেকের ঘরবাড়ি, আঙিনা ও আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা জরুরি। সামান্য অসচেতনতাই বড় বিপদের কারণ হতে পারে। অন্যদিকে, বাল্যবিবাহ শুধু একটি মেয়ের শৈশব কেড়ে নেয় না, তার শিক্ষাজীবন, শারীরিক স্বাস্থ্য ও ভবিষ্যতকেও ঝুঁকির মধ্যে ফেলে। এ কুফল থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ ও বাল্যবিবাহ রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষকে সচেতন করার সবচেয়ে বড় মাধ্যম হলো প্রচার-প্রচারণা। গণমাধ্যমের দায়িত্ব হলো সমাজে এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনা, আর সাধারণ মানুষকে এগিয়ে এসে সক্রিয় ভূমিকা রাখতে হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গৌরব মজুমদার, সাংবাদিক সোলায়মান তুহিন, গৌরনদী ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. মাহবুব আলম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘মানুষ মানুষের জন্য’ যুব সংগঠনের সভাপতি মো. শামিম সরদার। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিমন, সাংগঠনিক সম্পাদক জাহিদ সরদার, সহ-সভাপতি জাহিদ বেপারীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মাসুদ করিম। শুরুতে পবিত্র কুরআন ও গীতা থেকে পাঠ করা হয়।