মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৭:২৫ পিএম
স্থায়ী ক্যাম্পাস ও ক্যাম্পাসের অচলাবস্থা নিরসনসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
রবিবার (২৪ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। পরে বিক্ষোভ কর্মসূচি থেকে উপাচার্যের কার্যালয়, রেজিস্ট্রার ও বিভাগীয় অফিসসহ বেশ কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যা সুবিধা পাওয়া দরকার, তা পাচ্ছি না। আমাদের প্রয়োজন মতো ল্যাব নেই, শ্রেণিকক্ষ সীমিত। এ ছাড়া একই ভবনে গুরুদয়াল সরকারি কলেজের কার্যক্রম চলায় তাদের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখতে হয়। ফলে নিয়মিত ক্লাস হচ্ছে না।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থা খুব নাজুক। শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ কিংবা ভূমিকা রাখতে পারছে না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া বলেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট ক্যাম্পাসের দাবি নিয়ে আন্দোলন করছে। তাদের এই আন্দোলন যৌক্তিক, আমরাও তাদের সমর্থন জানাচ্ছি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩ মার্চ সরকারি গুরুদয়াল কলেজের একটি বহুতল ভবনে অস্থায়ীভাবে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। নানা জটিলতায় ভূমি অধিগ্রহণের কাজ আটকে থাকায় এখনো নিজস্ব ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হয়নি।