মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ২১:৩৩ পিএম
কিশোরগঞ্জে ভেজাল, অনিবন্ধিত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে নিরাপদ খাদ্য আইনে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ নিরাপদ খাদ্য আইনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এসব রায় ঘোষণা করা হয়।
অভিযান চলাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, কিশোরগঞ্জ জেলা পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা তাকে সহযোগিতা করেন।
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনিবন্ধিত অবস্থায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে সাদিয়া ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা; কটিয়াদী সরকারি কলেজের সামনে অবস্থিত মাহি ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অননুমোদিত রং ব্যবহারসহ বিভিন্ন অপরাধে ১ লাখ টাকা; একই উপজেলায় কটিয়াদী বাজারের সুমন বেকারি নিবন্ধন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ১ লাখ টাকা; ভৈরব উপজেলার ফাঁড়ি রঘুনাথপুর ও আলুকান্দা এলাকায় মো. লিটন মিয়াকে অনিবন্ধিত অবস্থায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা; অন্যদিকে, দুর্জয় মোড়ে অবস্থিত আল আজিজিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করাসহ ওই সব খাদ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
কিশোরগঞ্জের এ ভ্রাম্যমাণ বিচারক আরিফুল ইসলাম জানান, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।