ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৬:৪৮ পিএম
প্রতীকী ছবি
ঠাকুরগাঁওয়ে ওষুধ কিনতে বের হয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল সরকার।
এর আগে শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের উত্তর ক্ষেনপাড়া এলাকার হামিদুর রহমান (৫২), বালিয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার ইসরাত জাহান নাসরিন (২৩)। এ ঘটনায় আরেক অভিযুক্ত বড়গাঁও ইউনিয়নের ক্ষেনপাড়া এলাকার জাহেরুল ইসলাম (৪৮) পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সকালে ভুক্তভোগী ওই নারী ওষুধ কিনতে ভূল্লী বাজারে যান। সেখানে তার সঙ্গে দেখা হয় মুরগি ব্যবসায়ী হামিদুর রহমান ও জাহেরুল ইসলামের। বিভিন্ন কৌশলে তারা নারীটিকে অটোরিকশায় করে প্রথমে খোশবাজার, পরে জ্বীনের মসজিদ এলাকায় নিয়ে যায়। এরপর তাকে ভূল্লী কলেজপাড়া এলাকার নাসরিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর হাতে ৭০০ টাকা এবং নাসরিনকে ১০০ টাকা দিয়ে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনার বিষয়ে জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়ের করে।
ভূল্লী থানার ওসি সাইফুল সরকার বলেন, ভুক্তভোগীর পরিবার শুক্রবার রাত ৯টার দিকে তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।