মোংলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৩:৪৬ পিএম
মোংলা বন্দরের পশুর নদীতে বাল্কহেড থেকে পড়ে লস্কর নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগষ্ট) ভোরে এ দূর্ঘটনা ঘটে।
নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে চলছে তল্লাশি অভিযান। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মো. মাকরুজ্জামান জানায়, মোংলা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীতে পশুর নদীতে থাকা বাল্কহেড এম.ভি শোভা’র লস্কর রমজান হোসেন রাব্বি (২০) অসাবধানতাবশত শনিবার ভোর সাড়ে ৫টায় নদীতে পড়ে নিখোঁজ হন। এরপর খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে কোস্ট গার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। তাদের কার্যক্রমে বন্দর কর্তৃপক্ষ তদারকি করছে।
নিখোঁজ রাব্বি ঝালকাঠির কাঁঠালিয়ার জলিল শিকদারের ছেলে বলে জানা গেছে। বাল্কহেড ‘এম.ভি শোভা’র মাস্টার মুজ্জাফর মোল্লা বলেন, শনিবার ভোর ৪টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম লোড করে ঢাকার মেঘনা ঘাটের উদ্দেশে বাল্কহেডটি ছেড়ে আসে। এরপর বাল্কহেডের লস্কর রাব্বি আমাকে এক কাপ চা দিয়ে যায়। পরে রাব্বিসহ তিনজন স্টাফ বাল্কহেডের সাইডে বসে চা খাচ্ছিল। তখন অসাবধানতাবশত বাল্কহেড থেকে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা খোঁজাখুঁজি করি। না পেয়ে ৯৯৯-এ কল করলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ আসে। তারা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। বাল্কহেডে আমরা সাতজন স্টাফ-কর্মচারী ছিলাম।