× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিটাগাং চেম্বারে ব্যবসায়ীদের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৯:১৪ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৫ ১৯:১৫ পিএম

চিটাগাং চেম্বারে ব্যবসায়ীদের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়

চট্টগ্রামে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। শুক্রবার (২২ আগস্ট) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চিটাগং চেম্বার অব কমার্সের প্রশাসক আনোয়ার পাশার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা দু’দেশের নিজস্ব পণ্য নিয়ে এক্সিবিশন ও ট্রেড শো আয়োজন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও বিভিন্ন এক্সেসরিজ আমদানিসহ শিক্ষা ও বিভিন্ন শিল্পখাতে বিনিয়োগ ও সহযোগিতার আহবান জানান। পাশাপাশি পাকিস্তান থেকে বছরে ৭০০ মিলিয়ন ডলারের অধিক আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে মাত্র ৫৮ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানির তথ্য তুলে ধরেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ব্যবসায়িক সম্পর্কোন্নয়ন ও বৃদ্ধির জন্য উভয় দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে বলেন, ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন সম্ভাবনা চিহ্নিতকরণের লক্ষ্যে ইতোমধ্যে একাধিক ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছেন এবং আরও প্রতিনিধিদল সফর করবে। পাকিস্তানি ব্যবসায়ীরা এদেশের ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক জোরদারে অত্যন্ত আগ্রহী। ইতোমধ্যে বাংলাদেশী ব্যবসায়ীদের পাকিস্তানি ভিসা সহজীকরণের ব্যবস্থা হয়েছে এবং শিগগিরই সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। এছাড়া আগামী ২৪ আগস্ট উভয় দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। যার মাধ্যমে ব্যবসা ও বিনিয়োগের একটি রোডম্যাপ প্রস্তুতির পরিকল্পনা রয়েছে। 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাণিজ্য বৈচিত্র্যকরণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য যতগুলো দেশের সঙ্গে সংযুক্ত হওয়া সম্ভব, আমরা চেষ্টা করছি। পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। আশা করছি, সকল ব্যবসায়ী তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রবৃদ্ধিকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে সচেষ্ট হবেন।

স্বাগত বক্তব্যে চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, দু’দেশের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্য সম্পর্ক থাকলেও পাকিস্তান থেকে ৭০০ মিলিয়ন ডলারের অধিক আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি মাত্র ৫৮ মিলিয়ন ডলার। তবে সাফটা এবং ডি-৮ পিটিএ কার্যকর করার পাশাপাশি উভয় দেশের মধ্যে নন-ট্যারিফ বাধাসমূহ হ্রাস করা, বিটুবি সংযোগ উৎসাহিত করার মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণ সম্ভব। তিনি প্রচলিত পোশাক শিল্পের বাইরে ফার্মাসিউটিক্যাল ও হেলথকেয়ার প্রোডাক্ট, চামড়া ও চামড়াজাত পণ্য, আইসিটি ও ডিজিটাল সেবা, লাইট ইঞ্জিনিয়াারিং ও শিপবিল্ডিং, অ্যাগ্রো ও ফুড প্রসেসিং খাতে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।

এতে অন্যদের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী, বিএসআরএম গ্রুপ চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, পান রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. একরামুল করিম চৌধুরী, চেম্বারের প্রাক্তন পরিচালক আমজাদ হোসেন চৌধুরী, বিজিএমইএ পরিচালক মো. এম মহিউদ্দিন চৌধুরী, বাফা’র সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী (মিজান) ও প্রান্তিক গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বারের প্রাক্তন পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, প্রাইভেট হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন’র সভাপতি ডা. এ কে এম ফজলুল হক, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ অ্যাসোসিয়েশন’র সভাপতি মো. আবদুস সালাম, বিকডার পরিচালক মো. শাহ আলম, টি কে গ্রুপের পরিচালক জাফর আলম, লুব-রেফ’র এমডি মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম বিজনেস ফোরাম’র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুল হুদা, উইম্যান চেম্বারের প্রাক্তন সহ-সভাপতি আইভি হাসান, মেরিডিয়ান গ্রুপের পরিচালক আকিব কামাল, দূতাবাসের ট্রেড ইনভেস্টমেন্ট অ্যাটাচে জাইন আজিজ প্রমূখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা