লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৭:০৩ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যালয় ভেঙে দিয়েছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন।
বুধবার (২০ আগস্ট) সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানান, এর আগে দীর্ঘদিন কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের পাশে সরকারি জায়গায় আধাপাকা ঘর তৈরি করে কার্যালয় হিসেবে ব্যবহার করছিল কার্যক্রম নিষিদ্ধ উপজেলা শ্রমিক লীগ। গত বছরের ৫ আগস্টের পর জাতীয়তাবাদী শ্রমিক দল তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছিল ঘরটি।
প্রশাসন বারবার নোটিস দিয়ে জায়গাটি খালি করার জন্য বললেও শ্রমিক দলের নেতারা ঘরটি সরিয়ে নিতে কোনো পদক্ষেপ নেয়নি।
বুধবার (২০ আগস্ট) সকালে পুলিশ ও যৌথবাহিনীর সহযোগিতায় প্রশাসন বুলডোজার দিয়ে ঘরটি ভেঙে দেয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হাসান রুমেল বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে আমাকে কোনো লিখিত নোটিস দেওয়া হয়নি। শুধু মৌখিকভাবে জানানো হয়েছিল। মৌখিকভাবে বলার পরই, আমাদের কার্যালয় ভেঙে দেওয়া হলো’।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জাকিয়া সুলতানা বলেন, সরকারি জমি অবৈধভাবে দখলে রাখা হয়েছিল। নোটিশ দেওয়ার পরও দখলমুক্ত না করায় জনগণের স্বার্থে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।