খুলনা অফিস
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ২০:০০ পিএম
ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে অপহরণকারী চক্রের দুই নারী সদস্যাকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে নগরীর হরিণটানা থানার শিকদার মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- খুলনা জেলার ফুলতলা উপজেলার রাজঘাট গ্রামের মো. শফিক মোড়লের মেয়ে সুফিয়া বেগম (৩৭) এবং নগরীর হরিণটানা এলাকার শিকদার মার্কেটের পেছনের বাসিন্দা রুবি বেগম (৪৭)।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহম্মদ জানান, গত রবিবার সকাল ১০টার দিকে ব্যবসায়ী আলী আক্কাস শেখকে ব্যাগ বিক্রির কথা বলে অপহরণকারী চক্র নগরীর জিরো পয়েন্ট মোড়ে ডেকে নেয়। পরে ব্যবসায়িক কথোপকথনের আড়ালে তাকে একটি ভ্যানে তুলে শিকদার মার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়।
ভ্যানচালক চলে গেলে আলী আক্কাস শেখকে ধারালো ছুরি ও চাকু দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে রুবি বেগমের বাসায় আটক রাখা হয়। সেখানে তাকে একটি কক্ষে বন্দি করে চক্রটি ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে অস্বীকার করলে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। শেষ পর্যন্ত প্রাণের ভয়ে ব্যবসায়ী আলী আক্কাস শেখ বিকাশের মাধ্যমে ১ লাখ ৭৮ হাজার টাকা অপহরণকারীদের দিতে বাধ্য হন।
মুক্তিপণের টাকা নেওয়ার পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে বাইপাস রোডে সোনাডাঙ্গা অভিমুখে নামিয়ে দিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী আলী আক্কাস শেখ হরিণটানা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশের একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপহরণে জড়িত দুই নারী সদস্যাকে শনাক্ত ও গ্রেপ্তার করে।
অভিযানে তাদের কাছ থেকে ৪৭ হাজার ৫০০ টাকা মুক্তিপণের অর্থ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ জানান, গ্রেপ্তার দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মাধ্যমে অপহরণে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।