বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৭:১১ পিএম
আমিনুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল ইসলামের বিরুদ্ধে জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ইউনিয়নের বাইরে অন্য উপজেলা ও ইউনিয়নের বাসিন্দাদেরও অবৈধভাবে জন্মনিবন্ধন করে দিচ্ছেন এবং এর মাধ্যমে অর্থ বাণিজ্যে জড়িত।
তথ্য অনুযায়ী, চর ইসলামপুর ইউনিয়ন পরিষদ থেকে অন্য ইউনিয়ন ও উপজেলার একাধিক ব্যক্তি তাদের আসল ঠিকানা বহাল রেখেই জন্মনিবন্ধন নিয়েছেন। অথচ সরকারি নিয়ম অনুযায়ী, একজন নাগরিক কেবল তার নিজ ইউনিয়ন থেকেই জন্মনিবন্ধন নিতে পারবেন।
এ বিষয়ে চর ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ ইমাম হোসেন বলেন, সম্প্রতি কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের এক ব্যক্তির জন্মনিবন্ধন এই ইউনিয়ন থেকে তৈরি করে দেন সচিব। বিষয়টি উপজেলা নির্বাচন অফিসে ধরা পড়ে। এ ঘটনায় সচিবকে সতর্ক করা হলেও তিনি জালিয়াতি বন্ধ করেননি। চেয়ারম্যানও অভিযোগ করেন, সচিব অগোচরে তার স্বাক্ষর জাল করে ভিন্ন এলাকার লোকদের জন্মনিবন্ধন বানিয়ে দিচ্ছেন। বিষয়টি তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিকভাবে জানিয়েছেন এবং শিগগির লিখিত অভিযোগ দেবেন বলেও জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সচিব আমিনুল ইসলাম প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে তিনি ইউনিয়নের বাইরে কিছু লোকের জন্মনিবন্ধন তৈরি করেছেন।
চর ইসলামপুর ইউপির একাধিক মেম্বার অভিযোগ করেন, সচিব দায়িত্ব নেওয়ার পর থেকেই জন্মনিবন্ধন বাণিজ্য চলছে। স্থানীয়দের নানা অজুহাতে হয়রানি করে তিনি ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্মনিবন্ধন দেওয়ার ঘটনায় তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।