কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ২০:৫৫ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫ ২০:৫৭ পিএম
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আল-আমিন খাঁ নামের এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ গ্রামের একটি কোরাল মাছ। শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় মাছটি কুয়াকাটা মাছ বাজারের খান ফিস আড়তে নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক মানুষ।
পরে নিলামের মাধ্যমে খলিল নামের এক মৎস্য ব্যবসায়ী ১৫৫০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭৯০ টাকায় মাছটি কিনে নেন। এর আগে সকাল ৯টায় লেম্বুর চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ওই মাছটি জেলে শিকার করেন।
জেলে আল-আমিন খাঁ বলেন, বঙ্গোপসাগর থেকে ডিঙ্গি ট্রলার নিয়ে কুয়াকাটা সৈকতের লেম্বুর চর এলাকায় ফিরছিলেন তিনি। এ সময় সাগরের উপরিভাগে ভাসমান অবস্থায় কোরালটি দেখতে পান। পরে তিনি ও তার সঙ্গে থাকা অন্য জেলেরা তাৎক্ষণিক দুদফা জাল ফেলে মাছটি শিকার করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সচরাচর এত বড় সাইজের কোরাল জেলেদের জালে ধরা পড়ে না। তবে আশা করা যাচ্ছে অন্য জেলেদের জালেও বড় সাইজের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।