× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় অসুস্থ হয়ে ২ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৩:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শুক্রবার মধ্যরাতে অসুস্থ হয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অসুস্থ হওয়ার পর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)।

স্থানীয়রা জানান, শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী তানিয়া ও জামিলা। শুক্রবার দিবাগত রাতে হঠাৎই তারা অসুস্থ হয়ে বমি করলে সহপাঠীরা শিক্ষককে জানান। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজন মারা যায়। আরেকজন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, রাতে হঠাৎ মহিলা মাদ্রাসার দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় মাদ্রাসার শিক্ষকরা তাদের হাসপাতালে নেওয়ার পথেই একজনের মৃত্যু হয়। আরেকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সাপের কামড়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আব্দুল আলিম জানান, দুজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘মধ্যরাতের দিকে মাদ্রাসা থাকা অবস্থায় তাদের বমি হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানার পাশাপাশি এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।'

ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মরদেহ নেওয়া হবে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা