চৌগাছা (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ২১:২০ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যশোরের চৌগাছার সন্তান নাসিমুল গনি শেলী বলেছেন, এই মাটিতেই আমার জন্ম হলেও বড় হয়েছি ঢাকাতে। কিন্তু নিজের এলাকার প্রতি আমার ভালবাসা রয়েছে। ব্যস্ততার কারণে এলাকার মানুষের সঙ্গে সময় দেওয়া হয়ে ওঠেনা। চৌগাছায় ভালো কিছু হয়েছে শুনলে আনন্দ পাই। মনটা আনন্দে ভরে ওঠে। খারাপের খবরে কষ্ট পাই।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে চৌগাছা পৌর টাওয়ার লাইট উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সব শ্রেণির মানুষ তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে এ সময় যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, উপজেলা ইউএনও ফারজানা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক তাসমিন জাহান, চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন, উপেজলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
টাওয়ার লাইট উদ্বোধন শেষে তিনি ছুটে যান চৌগাছা পৌর পশুহাটে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী ও বিএনপি নেতা গোবিন্দ কুমার রাহা একই গ্রামের বাসিন্দা ও ছোট বেলায় একসঙ্গেই বড় হয়েছেন। সে কারণে তিনি চৌগাছায় এলে নানা ব্যস্তার মধ্যেও গোবিন্দ কুমার রাহার সঙ্গে দেখা করেন।
পৌর পশুহাটের অফিসে পৌছালে হাট মালিক উপজেলা বিএনপির সহসভাপতি ও পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল ও হাটের অন্যতম কর্ণধর উপজেলা বিএনপির সদস্য গোবিন্দ কুমার রাহা সচিবসহ আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এলাকার কৃতিসন্তানকে কাছে পেয়ে অনেকেই অবেগআপ্লুত হয়ে পড়েন।
বিএনপি নেতা গোবিন্দ কুমার রাহা সিনিয়র সচিব নাসিমুল গনি শেলীর উদ্যেশে বলেন, চৌগাছায় একটি মাত্র পশুহাট। এটি আমরা অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠা করেছি। কিন্তু এই হাট ধ্বংশের জন্য ঝিনাইদাহর কিছু ব্যক্তি চক্রান্তে লিপ্ত। তারা একের পর এক মামলা দিয়ে আমাদেরকে নাজেহাল করছে। বিষয়টি দেখতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সব কথা শোনার পর বলেন, চৌগাছার একমাত্র পশুহাট কেন ধ্বংশ করা হবে? এরসঙ্গে প্রচুর মানুষের জীবনজীবিকা জড়িত। বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখবো।