রামু (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৯:৩১ পিএম
কক্সবাজারের রামুতে মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করা হয়েছে। আটক মো. আরিফ (৩৬) নোয়াখালীর হাতিয়ার শাখিড়া বাজার শলিরচড় এলাকার মো. মতিনের ছেলে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোর্টবাজার এলাকায় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাওয়া করে। পরে মরিচ্যা চেকপোস্টে এনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে লুকানো ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
অভিযান প্রসঙ্গে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষায় সর্বদা সতর্ক। চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি।