চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৯:১৮ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫ ২০:০৩ পিএম
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৪৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এই স্থলবন্দর দিয়ে ১৩ ব্যবসায়ীকে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমির ঘোষ।
তিনি বলেন, ১৩ আমদানিকারককে ৪৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুজন আমদানিকারক ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন।
প্রায় সাড়ে চার মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, গত ১ এপ্রিল থেকে ১৩ আগস্ট পর্যন্ত পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে ফের পেঁয়াজ আমাদনি শুরু হয়েছে। তবে এবার একেকজনকে ৩০ এবং ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে পেঁয়াজ আমদানির খবরে চাঁপাইনবাবগঞ্জের পাইকারি ও খুচরা বাজারে এ ভোগ্যপণ্যটির দাম কমেছে। শিবগঞ্জ বাজারের পেঁয়াজ বিক্রেতা আলাউদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে রকমভেদে ৭৫-৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছি। তবে বর্তমানে পেঁয়াজের দাম দুই থেকে তিন টাকা কমেছে।
এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করা হয় চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপার্ট কিউরার মোহা. শহীদুল ইসলামের সঙ্গে। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আড়তে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৭২ টাকায় আর খুচরা বাজারে এ ভোগ্যপণ্যটি বিক্রি হচ্ছে ৭৫-৭৭ টাকা। বাজারে পেঁয়াজের সরবরাহ হলে অবশ্যই দাম কমবে।