নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ২০:১২ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫ ২০:২১ পিএম
‘শতবর্ষের ছায়াপথ, রানীনগর রেলওয়ে স্টেশন’ এই স্লোগানে নওগাঁর রানীনগর রেলওয়ে স্টেশনের শতবর্ষ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাইডো নামে একটি সামাজিক সংগঠন দিনব্যাপী এ উপলক্ষে আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠানের।
দিনব্যাপী এই অনুষ্ঠানের শুরুতেই রেলওয়ে স্টেশনে প্রধান অতিথি হিসেবে কেক কেটে রানীনগর রেলওয়ে স্টেশনের ইতিহাস উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। পরে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলওয়ে স্টেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির শিক্ষক উপদেষ্টা দেওয়ান মতিউর রহমান। কাজী ইসতিয়াক আমিন বিশালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান।
এ ছাড়াও রানীনগর রেলওয়ে স্টেশনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, শিক্ষক মনোয়ার হোসেন তোতা, আব্দুস সোবহান মৃধা, ফজলুল হক খান, উপজেলা বিএনপির মেজবাউল হক লিটন, যুবদলের মোজাক্কির হোসেন, রাইডোর প্রতিষ্ঠাকালীন সদস্য ডা. মো. রুমন হোসেন।
আয়োজকরা জানান, ১৯২৫ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় রেলওয়ে স্টেশনটির। স্টেশনটি উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হয়ে ওঠে। এই দীর্ঘ যাত্রায় রেলস্টেশটি ইতিহাস, স্মৃতি, গৌরব আর অসংখ্য মানুষের স্বপ্ন ভরসার অংশ হয়ে আছে।