বগুড়া অফিস
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৩:১৮ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫ ১৩:৩৩ পিএম
নিহত মো. রাসেল। প্রবা ফটো
অনলাইন জুয়ার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় এ ঘটনা ঘটে। হত্যায় জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
নিহত মো. রাসেলের (২৮) পিতার নাম মো. আবু বক্কর। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির।
পরিবারের সূত্রে জানা যায়, বুধবার দিবাগত স্থানীয় এক কিশোর রাসেলকে ঘুম থেকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে কিশোরটি রাসেলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর ঢাকায় পালানোর পথে বুধবার ভোরে বনানী এলাকা থেকে অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করলে কড়া নিরাপত্তায় তাকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। পরে সিয়ামের দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ধারালো চাকু।
পুলিশ আরও জানায়, অনলাইনে একাধিক অ্যাপসে একসঙ্গে জুয়া খেলতেন নিহত রাসেল ও গ্রেপ্তার সিয়াম। প্রায় এক মাস আগে জুয়া খেলায় সিয়ামের কাছে পাওনা ২২ হাজার টাকা দাবি করে তাকে চাপ দিতে থাকেন রাসেল। এ নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় গ্রেপ্তার সিয়ামের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।