জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৫:৩৮ পিএম
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে কয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। প্রবা ফটো
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির কাছে পাঁচ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে কয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে দুপুরে তাদের পাঁচবিবি থানায় সোপর্দ করে বিজিবি।
বিজিবির কাছে হস্তান্তর হওয়া পাঁচজন হলো- মুরাদ মোড়ল (৩৪) ও তার স্ত্রী সাগরিকা বেগম (২৫), তাদের আট বছর ও পাঁচ বছর বয়সী দুই ছেলে এবং দুই বছর বয়সী মেয়ে। তারা খুলনা সদরের দক্ষিণ টুটপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, তারা অবৈধভাবে ২০২০ সালে ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলামে গিয়েছিলেন। সেখানে একটি ভাঙারি দোকানে দিনমুজুরের কাজ করতেন মুরাদ মোড়ল। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে। পরে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে এক ঘণ্টা সীমান্তের কয়া বিওপি এলাকার সীমান্ত ২৮১ নম্বর মেইন পিলারের ৫৪ নম্বর সাব পিলারের কাছে পতাকা বৈঠক করা হয়। বৈঠকের মাধ্যমে পাঁচ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ।
২০ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর দৌলা বলেন, পাঁচজনকে গ্রহণের পর পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, তিন শিশুসহ পাঁচজনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে বাংলাদেশ ফেরত দম্পতি জানিয়েছেন, তারা গরীব মানুষ। পাঁচ বছর আগে সন্তানের চিকিৎসার জন্য ভারতে গিয়ে আর দেশে ফেরেননি। প্রায় এক মাস আগে বিএসএফ তাদের আটক করেছিল। এরপর তাদের দেশে পাঠানোর জন্য বেনাপোল সীমান্তে নিয়েছিল। সেখান থেকে প্রায় এক সপ্তাহ আগে কয়া সীমান্তে আনা হয়। বুধবার সকালে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।