রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৭:৪১ পিএম
রাজবাড়ী ব্র্যাক ব্যাংক থেকে ৯ লাখ ১ হাজার ৭৩০ টাকা গায়েবের চাঞ্চল্যেকর ঘটনা ঘটেছে।
সোমবার (১১ আগস্ট) এ ঘটনায় রাজবাড়ীর মানি লন্ডারিং প্রতিরোধ ট্রাইব্যুনাল আদালতে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের মো. আমিন উদ্দিন খানের ছেলে সৌদি প্রবাসী মো. বাবুল হোসেন।
মামলায় আসামিরা হলো- যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুরের খান ফার্মেসির আবু দাউদ, মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের দুর্বাডাঙ্গার নিঝুম টেলিকমের মো. হাইসাম খান, নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটির নিঝুম টেলিকমের মিসেস খাতেজা খাতুন, আদিতমারী উপজেলার শারপুকুর ইউনিয়নের শারপুকুরের স্নিগ্ধা ফার্মেসির মো. আলামিন ইসলাম, রংপুর জেলা সদরের সদ্যপুশকরণী গ্রামের ছায়ারংয়ের মো. রেজোয়ান ছাগির।
মামলার বাদী সৌদি প্রবাসী মো. বাবুল হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। প্রবাস জীবনে সঞ্চিত অর্থ ব্র্যাক ব্যাংক রাজবাড়ী শাখায় জমা করেন। গত ১৬ জুলাই দেশে ফেরেন। গত ৩০ জুলাই ব্র্যাক ব্যাংক রাজবাড়ী শাখায় তার জমাকৃত টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানান হিসাবে কাঙ্ক্ষিত পরিমাণ টাকা নেই। ওই সময়ে ব্যাংক থেকে হিসাব বিবরণী তোলেন। বিবরণীতে দেখতে পান গত ২১ জানুয়ারি আবু দাউদের হিসাবে ২ লক্ষ ৫০ হাজার টাকা, মো. হাইসাম খানের হিসাবে ২ লক্ষ ৫০ হাজার টাকা, মিসেস খাতেজা খাতুনের হিসাবে ২ লক্ষ ৪৫ হাজার টাকা, মো. আলামিন ইসলামের হিসাবে ২৫ হাজার টাকা ও মো. রেজোয়ান ছাগিরের হিসাবে ১ লাখ ৩১ হাজার ৭৩০ টাকাসহ সর্বমোট ৯ লাখ ১ হাজার ৭৩০ টাকা স্থানান্তর করা হয়েছে। এ দিন প্রবাসী সৌদি আরব থাকায় তাদের নামে কোনো চেক বা মালামাল ক্রয় করেননি। ব্যাংক হিসাব বিবরণী ও প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যায়, পরস্পর যোগসাজশে ব্যাংকিং ও ব্যক্তিগত তথ্য হ্যাক করে ফিশিংয়ের মাধ্যমে প্রতারণামূলকভাবে ব্যবহার করে সংঘবদ্ধভাবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করেছে।
এ বিষয়ে জানতে ৫ জন আসামির একাউন্টে ব্যবহৃত নাম্বারে একাধিকবার ফোন করা হলেও বন্ধ পাওয়া যায়।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাড. আহসান হাবীব নিউটন বলেন, মামলাটি গ্রহণ শুনানি শেষে রাজবাড়ী জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীন তদন্তপূর্বক অফিসার ইনচার্জ সিআইডিকে প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছেন।