বান্দরবান সংবাদদাতা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ২০:২৫ পিএম
বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
রবিবার (১১ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ দুই উপজেলা ভ্রমণে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছিল স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়। পরে থানচি-আলীকদমে নিষেধাজ্ঞা শিথিল করা হলেও গত ৪ ডিসেম্বর রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়।
গত ৩ ডিসেম্বর পুনরায় নিষেধাজ্ঞার সময় বৃদ্ধির পাশাপাশি থানচি উপজেলাকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। ৭ ডিসেম্বর থানচি উপজেলা ভ্রমণের উপর নিষেধাজ্ঞা বাতিল করে রুমা-রোয়াংছড়ি ভ্রমণে ১১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। নিষেধাজ্ঞার শেষ দিনে তা ফের বৃদ্ধি করা হল।
তবে রুমা-রোয়াংছড়ি ছাড়া অন্য উপজেলা ভ্রমণে কোনো বাধা নেই।
বান্দরবান জেলা প্রশাসক (রুটিন দায়িত্বে) মো. লুৎফুর রহমান বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় রুমা-রোয়াংছড়িতে ভ্রমণের উপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।