কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ২০:৩৩ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫ ২০:৩৯ পিএম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) কুলাউড়া রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই ও ইসলাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেনÑ জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নবাব আলী আব্বাছ খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, অ্যাডভোকেট আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, কুলাউড়া প্রেস ক্লাবের সম্পাদক খালেদ পারভেজ বক্স, প্রেস ক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকতরণ, আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু আখাউড়া-সিলেট সেকশনে সব বন্ধ স্টেশন চালুকরণ, বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী সব স্টেশনের যাত্রা বিরতি প্রত্যাহার, যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করতে হবে।