বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৯:২৭ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫ ১৯:৩২ পিএম
আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জের নির্বাচন উল্লেখ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, এখন থেকেই প্রত্যেক নেতাকর্মীকে মানুষের কাছে যেতে হবে। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের মন জয় করতে হবে।
শনিবার (৯ আগস্ট) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাগেরহাট সদরের বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ডালিম ফকির।
প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে জিলানী বলেন, এমন কোনো কাজ করবেন না, যাতে দলের ক্ষতি হয়। কর্মী সঠিক হলে নেতা এমপি হয় এবং দল ক্ষমতায় যায়। তিনি উপস্থিত নেতা-কর্মীদের সাংগঠনিক নীতি আদর্শ ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি সতর্ক করে বলেন, কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি নেছার উদ্দিন শফি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মশিউর রহমান জাদু প্রমুখ।
মতবিনিময়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী জেলা কমিটির নেতাদের সব ইউনিটের কমিটি দ্রুত গঠনের আহবান জানান। তিনি বলেন, যেসব ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর কমিটি গঠিত হয়নি, সেগুলো দ্রুত গঠন করতে হবে। কমিটি গঠন করে স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল দল। দলের প্রতিটি নেতাকর্মী দলের জন্য নিবেদিত। স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।