নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৭:০৩ পিএম
বৃহস্পতিবার সন্ধ্যায় হাফেজ ফাহিম মৃধাকে সংবর্ধনা দেওয়া হয়। প্রবা ফটো
মাত্র ৭ বছর বয়সেই পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রান্তিক পরিবারের সন্তান মোহাম্মদ ফাহিম মৃধা।
মাত্র ৮৮ দিনে (২ মাস ২৮ দিন) হিফজ সম্পন্ন করে সে দেখিয়েছে অদম্য মনোবল, একাগ্রতা ও আত্মনিবেদনের অসীম উদাহরণ। পবিত্র কোরআন হিফজ সম্পন্নের পর নবীনগর পৌর এলাকার নারায়ণপুরের প্রখ্যাত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘মারকাজুত তাজভিদ ইন্টারন্যাশনাল মা্দ্রাসা’ ফাহিম মৃধাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
ফাহিম মৃধার বাবা ফারদুল হক মৃধা পৌরসভার নারায়ণপুর এলাকার বাসিন্দা ও একজন ক্রোকারিজ ব্যবসায়ী। সীমিত আয়ের পরিবারে জন্ম নিয়েও ধর্মীয় শিক্ষার প্রতি অদম্য সাধনায় ছেলে আজ গৌরবময় অবস্থানে পৌঁছেছে। দুই ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে সবার ছোট ফাহিম।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির বলেন, ফাহিম অত্যন্ত বিনয়ী ও মনোযোগী ছাত্র। ধারাবাহিক কঠোর অধ্যবসায়ের ফলেই সে মাত্র ৮৮ দিনে কোরআন হিফজ সম্পন্ন করতে পেরেছে। তার মধ্যে এক ধরনের নিঃশব্দ সাধনার পরিচয় পাওয়া যায়। ফাহিমের বাবা ফারদুল হক মৃধা বলেন, আমার ছোট ছেলে ৮৮ দিনে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করায় আমি মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি আমার ছেলে যাতে এই অর্জন ধরে রাখতে পারে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।