বগুড়া অফিস
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৮:৪৭ পিএম
বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ভেঁপড়া এলাকায় বর্ষার পানি জমে থাকায় রাস্তাঘাট ও ঘরবাড়ি ডুবে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।
বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। তারা প্রায় ৩০ মিনিট রাস্তা অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
পরে কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকালে ভুক্তভোগীরা কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হাবীবের কাছে লিখিতভাবে পানি নিষ্কাশনের দাবি জানান।
স্থানীয়রা জানান, বর্ষার পানিতে নারহট্ট, শিলকঁওর, তেতুলিয়াপাড়া, মাধববাঁকা, বাথই ও কাজীপাড়া গ্রামের অনেক জমি আর বাড়িঘর ডুবে গেছে। রোপা আমনের ফসল নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে ক্ষতি আরও বাড়বে।