বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৪:১১ পিএম
অভিযানে এক হাজার ৩০ পিস ইয়াবাসহ মো. সজল মিয়াকে গ্রেপ্তর করে পুলিশ। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযানে এক হাজার ৩০ পিস ইয়াবাসহ মো. সজল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তর করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সন্তোষ কুমার সাহা ফোর্স নিয়ে পৌরসভার জগন্নাথপুর বিশ্বরোড এলাকার মলিনা টাওয়ার ভবনে অভিযান চালান। অভিযানকালে ওই ভবনের ভাড়াটিয়া মো. সজল মিয়াকে গ্রেপ্তর করা হয়। তিনি দশদোনা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।
অভিযানের সময় তার কাছ থেকে এক হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান চালিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে সজল মিয়াকে এক হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।