গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১২:৫২ পিএম
বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগের কিছু লোককে নিয়ে বিএনপির পার্টি অফিসে ঢোকায় এক মণ দুধ দিয়ে ধোয়া হয়েছে অফিস। দুধ দিয়ে পার্টি অফিস ধোয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। এমন ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বুধবার রাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্ব ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরে।
ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা জানান, ৫ আগস্ট ছিল গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ছিল। তবে সেই মিছিলে বিএনপির একটি পক্ষ আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। এতে গণঅভ্যুত্থানকে অপমান করা হয়েছে, পাশাপাশি দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে।
এর প্রতিবাদে এক মণ দুধ দিয়ে উপজেলা বিএনপির কার্যালয় ধুয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমাদের পার্টি অফিস কলঙ্কমুক্ত হয়েছে। পাশাপাশি এর মাধ্যমে আমরা আরেকটি স্পষ্ট বার্তা দিয়ে রাখলাম, যেন ভবিষ্যতে ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের কেউ পার্টি অফিসে প্রবেশের সাহস না পায়।
এদিকে দুধ দিয়ে বিএনপির পার্টি অফিস ধোয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, একাধিক ছাত্রদল ও যুবদল নেতাকর্মী বক্তব্য দিচ্ছেন এবং বেশ কয়েকজন বালতিতে দুধ নিয়ে পার্টি অফিস ধুয়ে দিচ্ছেন। এ ঘটনায় পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য উঠে আসে।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির একটি র্যালি ও মিছিল ছিল। কিন্তু একটি পক্ষ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে। এতে আমাদের পার্টি অফিস কলঙ্কিত হয়েছিল। পরে আমরা এক মণ দুধ দিয়ে পার্টি অফিস ধুয়ে ফেলি।