খুলনা অফিস
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৭:৫৭ পিএম
নিহত শেখজাদী ইসরাত জাহান। প্রবা ফটো
খুলনার এসওএস শিশুপল্লীতে শেখজাদী ইসরাত জাহান (১৬) নামে ৯ম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। প্রতিষ্ঠানের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১১টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে ইসরাত জাহানের পরিবারের দাবি- এটি আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে ওই ছাত্রীর মামা সোনাডাঙ্গা আলামিন গলির বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘আমার ভাগ্নির মা নেই। মাত্র ১৬ মাস বয়সে ওকে এসওএস শিশুপল্লীতে দেওয়া হয়। আমার ভাগ্নি অনেক হাসি-খুশি ছিলো, মেধাবীও ছিলো। ও আত্মহত্যা করতে পারে না। আর যদি করে থাকে, তাহলে ঝুলন্ত অবস্থায় আমাদের ডাকলো না কেন। পুলিশ বা আমাদের কাউকে না জানিয়ে কেন ঝুলন্ত মরদেহ নামালো। রাত সাড়ে ১২টার দিকে কেন ডাকলো। কী দিয়ে গলায় দড়ি দিয়েছে, তার কোনো প্রমাণ নেই। হাসপাতালের মর্গে নেওয়ার পর কেন ডাকা হলো। এখানে এসে দেখি মরদেহে বরফ দেওয়া আত্মহত্যার কোনো নমুনা নেই।’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, এসওএস শিশুপল্লীতে ছাত্রীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। মরদেহের ময়নাতদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।
এসওএস শিশুপল্লীর প্রধান বিশ্বজিৎ কুমার মন্ডলের কাছে শেখজাদী ইসরাত জাহানের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।