মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৫:২৭ পিএম
ডাকাতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। প্রবা ফটো
কিশোরগঞ্জে ডাকাতির চেষ্টাকালে পাঁচজনকে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বুধবার (৬ আগস্ট) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুলাচর বাজারের পাশে এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে আহতরা হচ্ছেন- সদর উপজেলার বৌলাই এলাকার হাবিবুর রহমান ছেলে সেলিম, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামের খালেক মিয়ার ছেলে মোহাম্মদ আবদুল, নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের দীন ইসলামের ছেলে আল আমিন, মনোহরদী উপজেলার বালাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আসলাম ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারোইগাতি গ্রামের করিম মিয়ার ছেলে আব্দুল জলিল।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুলাচর বাজারের পাশে ১০/১২ জনের একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছিল। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে পালিয়ে যায়। তবে পাঁচজনকে পাকড়াও করে এলাকাবাসী। উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে বুধবার সকালে তাদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, ডাকাতি করার সময় পাঁচজনকে স্থানীয় জনগণ গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদলের অন্য সদস্যদের ধরতে পুলিশি অভিযান চলছে।