ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৬:২৮ পিএম
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশ। প্রবা ফটো
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেছেন, ‘আমরা আশা করি, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস আজ নির্বাচনের তারিখ ঘোষণা করে তার সম্মান রক্ষা করবেন।’
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবস’ উপলক্ষে এ সমাবেশ ও বিজয় মিছিলের আয়োজন করা হয় শহরের পৌর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে।
শরীফুল আলম বলেন, ‘গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় জবরদখল করে বসে ছিল। ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের নেতাকর্মীরা বছরের পর বছর নির্যাতিত হয়েছেন। ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের বিজয় এসেছে। এখন প্রয়োজন জাতীয় ঐক্য গড়ে তোলা, না হলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, সিনিয়র নেতা সাইফুল ইসলাম, মো. নুরুজ্জামান, জিল্লুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং মিছিলটি পৌর শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।