বগুড়া অফিস
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৩:০৩ পিএম
প্রতীকী ছবি
বগুড়ার কাহালুতে জমির ড্রেনের পানিতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল ৯টার দিকে কর্নিপাড়া এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার পাশে জমির ড্রেনের ভেতর মরদেহটি ভেসে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, মরদেহটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। মরদেহটির কয়েকদিন আগের হওয়ায় ফুলে বিকৃত হয়ে গেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। মরদেহটি মানসিক ভারসাম্যহীন কারও হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।